![]() |
| বোয়ালমারীর বারাশিয়া নদীতে গ্রামীণ ভেলা বাইচে মানুষের ঢল |
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আঁধারকোঠা বারাশিয়া নদীতে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ভেলা বাইচ প্রতিযোগিতা। উৎসবমুখর পরিবেশে নদীপাড়ে ভিড় জমায় হাজারো মানুষ।
স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় শুধু ভেলা বাইচ নয়, ছিল আরও বেশ কিছু গ্রামীণ খেলা। এর মধ্যে উল্লেখযোগ্য, হাঁস ধরা, তৈলাক্ত কলাগাছে ওঠা এবং শিশু-কিশোরদের অংশগ্রহণে নানা মজার খেলা। চারপাশের বাড়িঘর ও নদীপাড়জুড়ে ছিল আনন্দ-উৎসবের আমেজ।
নদীর দুই পাড়ে ভিড় করেন নানা বয়সী মানুষ। শুধু স্থানীয় নয়, দূরদূরান্ত থেকে আত্মীয়-স্বজনও ছুটে আসেন এই আনন্দ ভাগ করে নিতে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র পদপ্রার্থী ও যুবদল নেতা ইমরান হোসেন। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে বিজয়ীদের উৎসাহ দেন।
দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় এলইডি টিভি, মোবাইল ফোন, ডিনার সেট, কলসসহ আকর্ষণীয় পুরস্কার।
এমন আয়োজনে গ্রামীণ ঐতিহ্যের প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা। তারা এই ধরনের আয়োজন প্রতিবছর করার দাবি জানিয়েছেন।

