![]() |
| সালথায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার |
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায় জিহাদ সরদার (১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার গট্টি ইউনিয়নের সিংহ প্রতাপ গ্রামে একটি আমগাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জিহাদ সরদার ওই গ্রামের মৃত শাহজাহান সরদারের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, জিহাদ কিছুটা বদমেজাজি ও মানসিকভাবে অসুস্থ ছিলেন।এছাড়া তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। সোমবার গভীর রাতে পরিবারের অজান্তে বাড়ির পেছনের পুকুরপাড়ে একটি আমগাছে লাইলনের রশি দিয়ে গলায় ফাঁস দেন তিনি।
মঙ্গলবার সকালে পুকুরে যেতে গিয়ে জিহাদের ঝুলন্ত মরদেহ দেখতে পান তার চাচি জাহানারা বেগম। তিনি পরিবারের সদস্যদের খবর দিলে স্থানীয়রা সালথা থানায় যোগাযোগ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, “খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

