![]() |
| রাঙামাটিতে হাসপাতাল গেটের অবৈধ দোকান উচ্ছেদ |
মো: নাজমুল হোসেন ইমন । স্টাফ রিপোর্টার:
রাঙামাটি জেনারেল হাসপাতাল গেটে অবৈধভাবে গড়ে ওঠা একটি দোকান উচ্ছেদ করেছে রাঙামাটি পৌর প্রশাসন। সোমবার সকালে পৌরসভার নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অবৈধ দোকানটি ভেঙে ফেলা হয়।
অভিযান পরিচালনা করেন রাঙামাটি পৌরসভার নির্বাহী কর্মকর্তা মহসীন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মো. মঈনুল ইসলাম, বাজার পরিদর্শক কামাল উদ্দিন, সুপারভাইজার রাজু দে, কনজার্ভেন্সি ইন্সপেক্টর দোলন বড়ুয়াসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তারা।
জানা যায়, হাসপাতালের প্রধান গেটের সামনে পাবলিক টয়লেটের পাশে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দোকান স্থাপন করে ব্যবসা চালাচ্ছিলেন।
দোকানটি টয়লেটের দৃশ্য আড়াল করায় সাধারণ মানুষের ব্যবহারে অসুবিধা হচ্ছিল। বিষয়টি নিয়ে জনসাধারণের অভিযোগের পর পৌর প্রশাসন অভিযান চালিয়ে দোকানটি মালামালসহ উচ্ছেদ করে।
রাঙামাটি পৌরসভার প্রশাসক মো. মোবারক হোসেন বলেন, “পাবলিক টয়লেটের সামনে খাবারের দোকান থাকা অনুচিত। এ বিষয়ে বেশ কিছুদিন ধরে অভিযোগ আসছিল। জনস্বার্থে দোকানটি সরিয়ে দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, “আজকের আইনশৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে— ফুটপাত বা সড়ক দখল করে যারা ব্যবসা করছে, তাদের বিরুদ্ধেও শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।”

