![]() |
| রাঙামাটিতেই হবে বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র: উপদেষ্টা আসিফ |
মো. নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:
রাঙামাটিতেই স্থাপন করা হচ্ছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর একটি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র। এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপদেষ্টা আসিফ মাহমুদ।
রবিবার (১৩ অক্টোবর) নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পার্বত্য রাঙামাটিতে বিকেএসপি আঞ্চলিক কেন্দ্র স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে।
আসিফ মাহমুদ বলেন, “এই উদ্যোগের মাধ্যমে পার্বত্য অঞ্চলের প্রতিভাবান ও সম্ভাবনাময় তরুণ–তরুণীদের ক্রীড়া প্রশিক্ষণ ও দক্ষতা বিকাশের নতুন দিগন্ত উন্মোচিত হবে।”
জানা গেছে, প্রস্তাবিত প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণ কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে, যা খুব শিগগিরই সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও ভাষাভাষী জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা দেশের সামাজিক ও ক্রীড়াক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে উল্লেখ করেন উপদেষ্টা আসিফ।
🎯 প্রাথমিকভাবে প্রশিক্ষণ পাবে ৭টি ইভেন্টে
প্রাথমিকভাবে বিকেএসপি রাঙামাটি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে নিম্নলিখিত খেলাগুলোর প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে—
ফুটবল
জিমন্যাস্টিক্স
আর্চারি
বক্সিং
জুডো
কারাতে
তায়কোয়ান্ডো
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আশা করছে, এই কেন্দ্র পার্বত্য চট্টগ্রামের প্রতিভাবান খেলোয়াড়দের পেশাদার ক্রীড়া প্রশিক্ষণের সুযোগ প্রদান করবে এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রীড়া অর্জনকে আরও সমৃদ্ধ করবে।

