বিলাইছড়িতে স্বামীর ওষুধ আনতে গিয়ে নৌকা থেকে পড়ে নারীর মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫

বিলাইছড়িতে স্বামীর ওষুধ আনতে গিয়ে নৌকা থেকে পড়ে নারীর মৃত্যু

বিলাইছড়িতে স্বামীর ওষুধ আনতে গিয়ে নৌকা থেকে পড়ে নারীর মৃত্যু
বিলাইছড়িতে স্বামীর ওষুধ আনতে গিয়ে নৌকা থেকে পড়ে নারীর মৃত্যু


মহুয়া জান্নাত মনি, রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটির বিলাইছড়িতে স্বামীর জন্য ওষুধ আনতে গিয়ে কাপ্তাই হ্রদের পানিতে পড়ে লতা মার্মা (৩২) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে কেরনছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত লতা মার্মা উপজেলার কেংড়াছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শামুকছড়ি গ্রামের বাসিন্দা মিলন কান্তি চাকমার স্ত্রী।


স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে অসুস্থ স্বামীর জন্য হার্টের ওষুধ আনতে লতা মার্মা তাঁর ভাসুরের সাত বছর বয়সী ছেলেকে সঙ্গে নিয়ে বিলাইছড়ি বাজারের উদ্দেশে নৌকায় রওনা দেন। পথে কেরনছড়ি ওয়ার্ড মেম্বার দয়ারঞ্জন ঘাটের কাছাকাছি পৌঁছালে হঠাৎ মাথা ঘুরে তিনি নৌকা থেকে হ্রদের পানিতে পড়ে যান। সঙ্গে থাকা শিশুটি রক্ষা পেলেও লতা মার্মা পানিতে তলিয়ে যান।


ঘটনার পর স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় জাল ফেলে তল্লাশি চালান। প্রায় তিন ঘণ্টা পর সকাল ১১টা ২০ মিনিটে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. নূর উদ্দিন তাঁকে মৃত ঘোষণা করেন। ডা. নূর উদ্দিন জানান, “হাসপাতালে আনার আগেই লতা মার্মার মৃত্যু হয়।”


লতা মার্মা স্বামী ও তিন সন্তান রেখে গেছেন। তাঁদের বড় মেয়ের বয়স ১৫ বছর, মেজ ছেলের ১১ বছর এবং ছোট মেয়ের বয়স মাত্র দুই বছর ছয় মাস।


ঘটনার খবর পেয়ে সমবেদনা জানাতে ছুটে আসেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রামাচরন মার্মা (রাসেল), উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সুজন বড়ুয়া, পিআইও অফিসের সুমন গাজী, মহিলা মেম্বার ও ওয়ার্ড মেম্বারগণ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে তাৎক্ষণিক ত্রাণ সহায়তা প্রদান করা হয়।


বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, “ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।”


এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।



Post Top Ad

Responsive Ads Here