![]() |
| মিরপুরে কারখানায় ভয়াবহ আগুনে নিহত বেড়ে ১৬, দগ্ধ বহু |
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুরে একটি কারখানা ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন দগ্ধ ও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় এক সংবাদ ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফট্যানেন্ট কর্নেল তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,“মরদেহগুলো গার্মেন্টসের অংশ থেকে উদ্ধার করা হয়েছে। টিনশেড ছাদ বন্ধ থাকায় কর্মীরা বাইরে বের হতে পারেননি। মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শনাক্তের জন্য ডিএনএ টেস্টের প্রয়োজন হবে।”
তিনি আরও জানান,“গার্মেন্টস অংশের আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে কেমিক্যাল গোডাউনের আগুন এখনও সম্পূর্ণ নিভেনি। গোডাউনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ সেখানে ৬ থেকে ৭ ধরণের দাহ্য রাসায়নিক পদার্থ ছিল। এখন সেখানে মরদেহের সন্ধান চলছে।”
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কারখানার ভেতর হঠাৎ বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন পাশের রাসায়নিক গোডাউনে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।পরে তাদের সহায়তায় যোগ দেয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা।
দমকল সদস্যরা জানান, ভবনের ভেতরে প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। ধোঁয়ার তীব্রতায় উদ্ধার কাজও ব্যাহত হচ্ছে।
দগ্ধ ও আহতদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।চিকিৎসকরা জানিয়েছেন, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় প্রশাসন নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে এবং অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

