
শাহজালাল বিমানবন্দরে যাত্রীর পাকস্থলী থেকে ৬ হাজারের বেশি ইয়াবা উদ্ধার
মো: নাজমুল হোসেন ইমন,স্টাফ রিপোর্টার:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পাকস্থলী থেকে ৬ হাজার ৩৭৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
অভিযুক্ত যাত্রীর নাম মো. পান্নু হাওলাদার (৩০)। তিনি কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পাচার করছিলেন বলে জানা গেছে।
শনিবার (১ নভেম্বর) রাতে ঢাকা মেট্রোপলিটন এলাকার বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএনের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে আগত এক যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে অভ্যন্তরীণ টার্মিনালের আগমনী গেটের সামনে তাকে আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, পাকস্থলীর ভেতরে ইয়াবা বহন করছেন।
তাকে চিকিৎসকের তত্ত্বাবধানে নেওয়া হলে এক্স-রে পরীক্ষায় পাকস্থলীতে একাধিক ডিম্বাকৃতির বস্তু শনাক্ত হয়। পরবর্তীতে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসকের উপস্থিতিতে প্রাকৃতিক উপায়ে তার পাকস্থলী থেকে ১৩৬ পোটলা কসটেপ মোড়ানো ইয়াবা উদ্ধার করা হয়।এসব পোটলা খুলে মোট ৬ হাজার ৩৭৮ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, পান্নু হাওলাদার দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও পাচারের সঙ্গে জড়িত ছিলেন।তিনি ইয়াবা ট্যাবলেট শরীরের ভেতর লুকিয়ে পরিবহনের মাধ্যমে আইন-শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দেওয়ার চেষ্টা করতেন।
অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, “পাকস্থলীর ভেতরে এত বিপুল পরিমাণ ইয়াবা পরিবহন সত্যিই অবাক করার মতো ঘটনা। আমরা বিমানবন্দর ঘিরে মাদক চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি।”
