![]() |
| লক্ষীপুরে নাতনিকে ধর্ষণের অভিযোগে আপন দাদা গ্রেপ্তার |
লক্ষীপুর প্রতিনিধি ।। সোহেল হোসেন:
লক্ষীপুরে সৌদী প্রবাসীর কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে আপন দাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১ নভেম্বর) রাতে সদর উপজেলার দালালবাজারের পশ্চিম লক্ষীপুর এলাকা থেকে ইমামুল হক হাসান (৬৫) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
রোববার (২ নভেম্বর) এ ঘটনায় ভিকটিমের সৎ মা সাথী আক্তার বাদী হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করেন।গ্রেপ্তারকৃত ইমামুল হক হাসান স্থানীয়ভাবে একজন চা দোকানদার হিসেবে পরিচিত।
পুলিশ, ভিকটিম ও এলাকাবাসী সূত্রে জানা গেছে—প্রবাসে থাকা মেয়েটির বাবা ও চাচা সৌদি আরবে কর্মরত। বাবা-মায়ের বিচ্ছেদের পর কিশোরীটি সৎ মায়ের কাছেই বসবাস করছিল।
প্রায় এক বছর ধরে আপন নাতনিকে ঘুমের ওষুধ খাইয়ে শারীরিক নির্যাতন চালিয়ে আসছিল তার দাদা হাসান। কিশোরীকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে তিনি একাধিকবার জোরপূর্বক শারীরিক সম্পর্ক গড়ে তোলেন এবং কাউকে কিছু জানালে হত্যার হুমকিও দেন।
তিন দিন আগে বাড়ির পাশে একটি সুপারি বাগানে কিশোরীর ওপর পুনরায় নির্যাতনের সময় এলাকাবাসীর হাতে ধরা পড়েন হাসান।
গ্রাম্য সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা হলেও অভিযুক্ত ব্যক্তি নির্ধারিত সময়ে গ্রাম আদালতে উপস্থিত হননি।
পরবর্তীতে কিশোরীর শারীরিক পরিবর্তন লক্ষ্য করে পরিবার তার পরীক্ষা করালে জানা যায়—সে তিন মাসের অন্তঃসত্ত্বা।
বিষয়টি জানাজানি হয়ে গেলে হাসান পালানোর চেষ্টা করেন। তবে শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
বর্তমানে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য সদর মডেল থানায় রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।এ ঘটনায় এলাকাবাসী গভীর ক্ষোভ প্রকাশ করে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

