বিমানের টিকিট কারসাজি ঠেকাতে নতুন দুই অধ্যাদেশ অনুমোদন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫

বিমানের টিকিট কারসাজি ঠেকাতে নতুন দুই অধ্যাদেশ অনুমোদন

বিমানের টিকিট কারসাজি ঠেকাতে নতুন দুই অধ্যাদেশ অনুমোদন
বিমানের টিকিট কারসাজি ঠেকাতে নতুন দুই অধ্যাদেশ অনুমোদন



মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

দেশের বিমান পরিবহন ও ভ্রমণ খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন নিশ্চিত করতে উপদেষ্টা পরিষদ ‘বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ-২০২৫’ এবং ‘বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) সংশোধন অধ্যাদেশ-২০২৫’-এর খসড়া অনুমোদন করেছে।


বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। পরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এ তথ্য জানান।


তিনি বলেন, বাংলাদেশের আকাশপথের যাত্রীদের মধ্যে ৮০ শতাংশের বেশি অভিবাসী কর্মী। নতুন এই দুই অধ্যাদেশ বিমান পরিবহন ও ট্রাভেল এজেন্সি খাতে স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠা করবে, যা প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষা ও যাত্রীসেবাকে আরও আধুনিক, নিরাপদ ও জনবান্ধব করবে।


‘বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ-২০২৫’-এ ২০১৭ সালের বিদ্যমান আইনে সময়োপযোগী নানা পরিবর্তন আনা হয়েছে। প্রথমবারের মতো “যাত্রীসেবা নিশ্চিতকরণ” শব্দগুচ্ছ আইনটিতে যুক্ত করা হয়েছে, যা যাত্রীদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও অধিকার রক্ষাকে আইনি বাধ্যবাধকতায় পরিণত করবে।


বিদেশি বিমান সংস্থার জন্য জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) নিয়োগ ঐচ্ছিক করা হয়েছে এবং দেশীয় সংস্থাগুলোকেও এই সুবিধা দেওয়া হয়েছে। টিকিট বিক্রয়ে স্বচ্ছতা আনতে গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম (এউঝ), নিউ ডিস্ট্রিবিউশন ক্যাপাবিলিটি (ঘউঈ) এবং অচও-ভিত্তিক ডিজিটাল চ্যানেলের নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। এতে টিকিট ব্লকিং, কৃত্রিম সংকট ও মূল্য কারসাজি রোধ করা সম্ভব হবে।


অধ্যাদেশে প্রথমবারের মতো এয়ার অপারেটরদের ট্যারিফ দাখিল ও তদারকির বিধান যুক্ত করা হয়েছে। এছাড়া বিমান চলাচলের কার্বন নিঃসরণ কমাতে টেকসই জ্বালানি ব্যবহারের নির্দেশনা এবং পরিবেশবান্ধব পরিচালনা নীতিও অন্তর্ভুক্ত করা হয়েছে।


একই সঙ্গে সরকারকে ‘সিভিল এভিয়েশন ইকোনমিক কমিশন’ গঠনের ক্ষমতা দেওয়া হয়েছে, যা বিমানবন্দরের ফি, চার্জ ও ভাড়া নির্ধারণে ন্যায্যতা ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করবে। সাইবার নিরাপত্তা জোরদার করতে কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেইন ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের সুযোগও রাখা হয়েছে।


‘বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) সংশোধন অধ্যাদেশ-২০২৫’-এ অবৈধ লেনদেন, অর্থপাচার, টিকিট মজুত ও প্রতারণা রোধে কঠোর বিধান যোগ করা হয়েছে। এতে বিশেষভাবে প্রবাসী শ্রমিকদের সুরক্ষার বিষয়টি গুরুত্ব পেয়েছে।


নতুন অধ্যাদেশে নিবন্ধন সনদ বাতিল বা স্থগিতের জন্য ১১টি নতুন কারণ যুক্ত হয়েছে। অবৈধ টিকিট বিক্রি, অতিরিক্ত মূল্য আদায়, অনুমোদনহীন লেনদেন, কৃত্রিম সংকট সৃষ্টি এবং গ্রুপ বুকিং-পরবর্তী যাত্রী তথ্য পরিবর্তনকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।


প্রতারণা ও হয়রানি প্রতিরোধে সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানা এবং অপরাধের মাত্রা অনুযায়ী এক বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। সরকার যাচাইকৃত প্রমাণের ভিত্তিতে ট্রাভেল এজেন্সির নিবন্ধন সাময়িক স্থগিত ও দায়ী ব্যক্তিদের নিষিদ্ধ করার ক্ষমতাও পাবে।


উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “নতুন আইনগুলো বিমান পরিবহন ও ভ্রমণ খাতে সুশাসন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে যাত্রীদের অধিকার আরও সুরক্ষিত হবে এবং বাংলাদেশ আন্তর্জাতিক মানে আরও এগিয়ে যাবে।”


প্রেস ব্রিফিংয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরীন জাহানও উপস্থিত ছিলেন।



Post Top Ad

Responsive Ads Here