![]() |
| সালথায় হামলার অভিযোগে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, ‘মিথ্যা অপপ্রচার’ দাবি বিএনপি নেতার |
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে সংঘবদ্ধ হামলার অভিযোগকে কেন্দ্র করে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এক পক্ষ হামলার বিচার দাবি করলেও অপর পক্ষ অভিযোগকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ বলে দাবি করেছে।
বুধবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড়গ্রামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মুরাদুর রহমান লিখিত বক্তব্যে বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলেন, “আমি ও আমার সহকর্মীরা কোনো ধরনের হামলার সঙ্গে জড়িত নই। একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে।”
এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে গোয়ালপাড়া গ্রামে এক সংবাদ সম্মেলনে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, গত শুক্রবার (১৮ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে একদল দুর্বৃত্ত তাদের গ্রামে হামলা চালায়। তারা দাবি করেন, বিএনপি নেতা মুরাদ মাতুব্বর ও যুবদল নেতা শাফিকুল ইসলামের নেতৃত্বে এ হামলা হয়েছে। হামলায় একাধিক বাড়িঘরে ভাঙচুর, এলাকায় আতঙ্ক সৃষ্টি এবং কয়েকটি পরিবার এলাকা ছাড়তে বাধ্য হয়েছে বলেও অভিযোগ করা হয়।
তবে এসব অভিযোগ অস্বীকার করে মুরাদুর রহমান বলেন, আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল খান, আওয়ামী লীগ নেতা কাওছার মাতুব্বর, স্বেচ্ছাসেবক লীগ নেতা রব্বান মাতুব্বরসহ একটি পক্ষ তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে অপপ্রচার চালাচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, সাবেক ইউপি সদস্য হাসান আশরাফের মদদে এসব ঘটনা সাজানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের নেতৃত্বে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার চেষ্টা করছি। কিন্তু একটি চক্র এলাকায় অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে, যা বড় ধরনের সংঘর্ষের ঝুঁকি তৈরি করতে পারে।”
এ সময় তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সুষ্ঠু তদন্তের দাবি জানান এবং ফরিদপুরের পুলিশ সুপার ও সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) হস্তক্ষেপ কামনা করেন, যাতে প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে আটঘর ইউনিয়নে রাজনৈতিক দ্বন্দ্ব ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
এদিকে এলাকাবাসী দ্রুত নিরপেক্ষ তদন্ত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।

