![]() |
| ফুচকা খাওয়াকে কেন্দ্র করে বোয়ালমারীতে সংঘর্ষ, আহত ৬ |
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফুচকা খাওয়ার সময় উচ্চস্বরে হাসাহাসিকে কেন্দ্র করে ফরিদপুরের বোয়ালমারীতে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি, হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছুরিকাঘাত ও মারধরে অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজন গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বোয়ালমারী উপজেলা পার্কের সামনে এ ঘটনা ঘটে।
গুরুতর আহতরা হলেন পৌরসভার দক্ষিণ কামারগ্রামের সেলিম শেখের ছেলে হৃত্বিক শেখ (২১) ও একই এলাকার মনিরুল ইসলামের ছেলে কাকন (২০)। হৃত্বিকের পেটে ছুরিকাঘাত এবং কাকনের মাথায় আঘাত লেগেছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে উপজেলা পার্কের সামনে একটি ফুচকা-চটপটির দোকানে দুই পক্ষের লোকজন খাবার খাচ্ছিলেন। এ সময় উচ্চস্বরে হাসাহাসিকে কেন্দ্র করে তাদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও পরে ধাক্কাধাক্কি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে হৃত্বিক ও কাকনসহ অন্তত ছয়জন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। বর্তমানে হৃত্বিক ও কাকন সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কোনো পক্ষ অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

