বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি - এলাকায় নিয়ন্ত্রীণহীন বাসের ধাক্কায় লেগুনার ১৫ যাত্রী নিহত হওয়ার ঘটনায় তিন সদস্য করে পৃথক দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এরমধ্যে জেলা প্রশাসন থেকে একটি কমিটি এবং অপরটি বগুড়া হাইওয়ে পুলিশের পক্ষ থেকে গঠন করা হয়েছে।
এই দুই কমিটিকে আগামী সাত কার্য দিবসের মধ্যে এ বিষয়ে বিস্তারিত তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। নাটোর জেলা প্রশাসক শাহিনা খাতুন ও বগুড়া হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। জেলা প্রশাসনের কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামানকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। অপর সদস্যরা হলেন, অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) হারুন অর রশিদ, বিআরটিএ’র সহকারী পরিচালক সাইদুর রহমান। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা, আহতদের ১০ হাজার টাকা এবং বিনা খরচে চিকিৎসার করার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক শাহিনা খাতুন। অপরদিকে বগুড়া হাইওয়ে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় হাইওয়ে পুলিশের পক্ষ থেকে পৃথক তদন্ত কমিটি গঠনের কথা বলেন তিনি। এতে সহকারী পুলিশ সুপার মো. শহিদুল-াহকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দুর্ঘটনার কারণ উদঘাটন করে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

