মেহের আমজাদ,মেহেরপুর-
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি বলেছেন, সরকারের নির্বাচনী ইশতেহার ছিলো জিরো টলারেন্স। সেই লক্ষে কাজ করছে জনপ্রশাসন মন্ত্রনালয়। কাজের বিলম্ব যেখানে দূর্ণীতি সেখানেই । কোন ক্রমেই যাতে কাজের বিলম্ব না হয়, সেজন্য নতুন নতুন পরিকল্পনা করছে জনপ্রশাসন মন্ত্রনালয়। গতকাল শনিবার দুপুরে খুলনা বিভাগীয় পর্যায়ে ইনোভেশন শোকেসিং মেলার উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। তিনি আরো বলেন, প্রতিটি জেলা তাদের নতুন নতুন উদ্ভাবনী এখানে উপস্থাপন করছে। যাতে প্রতিটি জেলা সে অনুযায়ী কাজ করতে পারে। এরই মাধ্যমে আগামী ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হবে বাংলাদেশ। আমাদের দেশ হবে বিশ্বের উন্নত দেশের মধ্যে একটি দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন নতুন লক্ষ নিয়ে দেশকে তৈরী করছেন। এর পরই বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ।
মেহেরপুর জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলান বিভাগীয় কমিশনার ডঃ মোঃ আনোয়ার হোসেন হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ডঃ মোঃ হুমায়ন কবীর, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার সুভাষ চন্দ্র সাহা, সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তাফা কামাল, বাগেরহাট জেলা প্রশাসক মামুনুর রশিদ, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন,মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলি। স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর জেলা প্রশাসক মোঃ আতাউল গনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইবাদত হোসেন। জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত ইনোভেশন শোকেসিং মেলায় খুলনা বিভাগের ১০টি জেলা তাদের নতুন নতুন উদ্ভাবনী উপস্থাপন করেন। এ সময় প্রতিটি স্টল ঘুরে দেখেন প্রতিমন্ত্রী।

