১৫ আগস্টে জঙ্গি হামলার আশঙ্কা নেই - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, আগস্ট ১৪, ২০২১

১৫ আগস্টে জঙ্গি হামলার আশঙ্কা নেই






নিজস্ব প্রতিবেদকঃ


 ১৫ আগস্টের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, জঙ্গি হামলার আশঙ্কা নেই তবুও সবাই আগামীকাল অনুষ্ঠানের জন্য দোয়া করবেন। 

শনিবার বেলা সোয়া ১১টায় রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।


একই সঙ্গে করোনা মহামারির কারণে জনসাধারণকে সেলফি না তোলার অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার।


চলতি মাসে উল্লেখযোগ্য সংখ্যক জঙ্গি গ্রেফতার হয়েছে জানিয়ে তিনি বলেন, গত পরশু অনলাইনে বোমা তৈরির লিডিং পর্যায়ের জঙ্গি সংগঠনের একজনকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। সে বোমা বিশেষজ্ঞ ও অনলাইনে বোমা বানানোর প্রশিক্ষণ দিত। তারা ধাপে ধাপে উন্নতি করছিল, এ পুরো গ্যাংটাকে আমরা গ্রেফতার করতে পেরেছি।


ডিএমপি কমিশনার জানান, জঙ্গিদের প্রধান টার্গেট হলো আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করা। এজন্য ১৫ আগস্টকে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে।


মোহা. শফিকুল ইসলাম বলেন, ১৫ আগস্ট ঘিরে কোনো ধরনের আশঙ্কা একেবারে উড়িয়ে দিচ্ছি না। তবে যেকোনো ধরনের ঘটনা এড়াতে আমরা সর্বোচ্চ মেধা দিয়ে চেষ্টা করছি।


তিনি আরো বলেন, ধানমন্ডি ৩২ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে আসা প্রত্যেককে হ্যান্ড মেটাল ডিটেকটর দিয়ে তল্লাশি করে আর্চওয়ের ভেতর দিয়ে প্রবেশ করতে হবে। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য তল্লাশি, ব্লক রেইড, চেকপোস্টের কার্যক্রম অব্যাহত আছে। ইতোমধ্যে গোয়েন্দা নজরদারি এবং পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সুইপিং করা হয়েছে ডগ স্কোয়াড ও বোম ডিসপোজাল ইউনিট দিয়ে। ধানমন্ডি ৩২ ও বনানী কবরস্থান কেন্দ্রিক অনুষ্ঠানস্থল ও তার আশপাশের এলাকা সিসি ক্যামেরার আওতায় রয়েছে।


ডিএমপি কমিশনার বলেন, সকাল সাড়ে ৭টা পর্যন্ত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী। এরপর আওয়ামী লীগ নেতারা প্রবেশ করবেন। এটা যেহেতু আবেগের জায়গা, তাই জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

Post Top Ad

Responsive Ads Here