করোনায় ২৪ ঘণ্টায় দুই শতাধিক মৃত্যু, আক্রান্ত ১৪ লাখ ছুঁইছুঁই
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৬১৩ জনে।
২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১০ হাজার ১২৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ লাখ ৯৬ হাজার ৮৬৮ জনে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
*আরো ২৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
দেশে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ২৪২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার রাজধানীর স্বাস্থ্য অধিদফতরের তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ২১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকাতেই ১৮৮ জন রোগী।
চলতি বছরের প্রথমদিন থেকে এখন পর্যন্ত সারাদেশে ৫ হাজার ৪৩৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
*বিজিবি’র ১৯৬ বীর মুক্তিযোদ্ধাকে আর্থিক সুবিধা দেওয়ার আদেশ বহাল
গেজেট বাতিল করা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৯৬ বীর মুক্তিযোদ্ধাকে ভাতা ও আর্থিক সুবিধা প্রদানে হাইকোর্টের নির্দেশনা বহাল রেখেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আবেদন খারিজ করে বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ভার্চুয়াল আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। আর রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আহসানুল করীম। তার সঙ্গে ছিলেন আইনজীবী সাবরিনা জেরিন ও মো. আব্দুল কাইয়ূম।
*অনলাইনে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু
চলতি বছরে প্রথমবার একটি সফটওয়্যারের মাধ্যমে ফরম পূরণ শুরু করেছে শিক্ষাবোর্ডেগুলো। মহামারির কারণে অনলাইনে ১২ আগস্ট (বৃহস্পতিবার) থেকে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হয়েছে। চলবে আগামী ২৫ আগস্ট পর্যন্ত। আর ৩০ আগস্ট পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণের ফি পরিশোধ করতে পারবে।
গত ৩১ জুলাই ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড প্রকাশিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
*পরিস্থিতি অবনতি হলে ফের লকডাউন: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
করোনা পরিস্থিতি অবনতি হলে আবারো লকডাউন দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, জীবন-জীবিকার তাগিদে বিধিনিষেধ শিথিল করা হয়েছে। তবে করোনা পরিস্থিতির আরো অবনতি ঘটলে আবারো বিধিনিষেধ দেওয়া হবে।
*২০২২ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের ব্যাটিং কোচ প্রিন্স
২০২২ সালের টি-২০ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে থাকছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান অ্যাশওয়েল প্রিন্স।
ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রিন্সের সঙ্গে ২০২২ সালের টি-২০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২২ সালের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপ।
* ১৯ আগস্ট থেকে খুলছে পর্যটন ও বিনোদনকেন্দ্র
ধারণ ক্ষমতার অর্ধেক ব্যবহার করে আগামী ১৯ আগস্ট থেকে পর্যটন, বিনোদনকেন্দ্র ও কমিউনিটি সেন্টার খোলার অনুমতি দিয়েছে সরকার।
বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ১৯ আগস্ট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্বাস্থ্যবিধি অনুসরণ করে সড়ক, রেলা ও নৌপথে সব প্রকার গণপরিবহন চলাচল করতে পারবে। এছাড়া, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র আসন সংখ্যার ৫০ ভাগ ব্যবহার করে চালু করতে পারবে।
* বাবার সামনেই মেয়েকে চাপা দিয়ে মারলো অটোরিকশা
মুন্সিগঞ্জের শ্রীনগরে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় সোহানা আক্তার ছোঁয়া নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় অপর আরেক শিশু মুনিয়া আক্তার গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শ্রীনগর উপজেলার দেউলভোগ গ্রামের সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক অটোরিকশাটি আটক করেছে স্থানীয়রা। তবে চালক পালিয়ে গেছে।
নিহত সোহানা দেউলভোগ গ্রামের হুমায়ুন কবীরের মেয়ে।
* জেলের জালে মাছ নয়, উঠল শিশুর লাশ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিখোঁজের একদিন পর বিপ্লব মিয়া নামে ১০ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের কাঁচামাটিয়া এলাকায় বুরুঙ্গা নদীতে জেলের জালে উঠে আসে লাশটি। এর আগে, বুধবার বিকেলে নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় বিপ্লব।
ঈশ্বরগঞ্জ থানার ওসি (তদন্ত) জহিরুল ইসলাম মুন্না বলেন, লাশ ময়নাতদন্ত করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
* গলা কেটে হত্যার পর জান্নাতকে ব্যাগে ভরে ফেলে দেন ফুফু
কুষ্টিয়ার মিরপুরে ছয় বছরের শিশু জান্নাতুল ফেরদৌস জান্নাতকে হত্যার কথা স্বীকার করেছেন আপন ফুফু জহুরা খাতুন। জান্নাতকে হত্যার পর ব্যাগে ভরে ফেলে দেন বলে জবানবন্দিতে জানিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়র এসপি খাইরুল আলম। নিহত জান্নাত জেলার মিরপুর উপজেলার মশান শাহাপাড়া গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে।
সময় /রাজ/নক

