সময় সংবাদ ডেস্কঃ
ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে ভাসমান ১৫ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার দক্ষিণপ্রান্ত থেকে তাদের উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম।
তিনি বলেন, ট্রলারে মাছ ধরতে এসেছিলেন ভোলার ১৫ জেলে। বুধবার বিকেলে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসছিলেন তারা। পরে বৃহস্পতিবার বেলা ৩টার দিকে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান এক জেলে। এরপর কোস্টগার্ডের তিনটি টিম গিয়ে তাদের উদ্ধার করে।
ক্যাপ্টেন কাজী শাহ আলম আরো বলেন, তাদের অবস্থান ভাসানচরের দক্ষিণে বলা হয়েছিল। তবে ভাসানচরের দিকে হলে মোবাইলের নেটওয়ার্ক থাকার নয়। ফলে সন্দ্বীপের আশপাশে খোঁজা হয়। একপর্যায়ে সন্ধ্যা ছয়টার দিকে সন্দ্বীপের দক্ষিণপ্রান্ত থেকে তাদের উদ্ধার করা হয়। তাদের ভাসানচরে নিয়ে খাবার ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

