জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের বাংলাবাজার মিয়াজী পাড়া এলাকায় মিনু আরা বেগম নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় মিনুকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মিনু বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের হাসনাভিটা নাইচ্যার ঝিরি পাড়া এলাকার আবুল হাশেমের মেয়ে। চার বছরের একটি ছেলে সন্তান রয়েছে তার।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে কলহ চলছিল মিনুর। এর জেরে বৃহস্পতিবার বিকেলে বাড়ির সবার অগোচরে নিজের কক্ষে গলায় ফাঁস দেন তিনি। পরে বিষয়টি জানাজানি হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে লাশ হাসপাতালে রেখেই পালিয়ে যান স্বামী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাকিলা আক্তার বলেন, বিকেলে ওই নারীকে হাসপাতালে নিয়ে আসেন তার স্বামী। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করে বিষয়টি পুলিশকে জানানো হয়। এরপর সুরতহাল শেষে লাশ নিয়ে যায় পুলিশ।
মেয়েকে হত্যা করা হয়েছে বলে দাবি করে মিনুর মা নুরুন্নিছা বেগম বলেন, পারিবারিক কলহের জেরে আমার মেয়েকে হত্যা করা হয়েছে। এ হত্যার বিচার চাই।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া রহমান জিকু বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়। এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্ত শেষে বলা যাবে। নিহতের স্বামীকে আটকে অভিযান চলছে।

