মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনি এবং তার কথিত মামা আশরাফুল ইসলাম দীপুসহ পাঁচজনকে রিমান্ড শেষে আদালতে নেয়া হয়েছে। অন্য তিনজন হলেন- প্রযোজক নজরুল ইসলাম রাজ, মরিয়ম আক্তার মৌ ও সবুজ আলী।
সময় সংবাদ ডেস্কঃ
শুক্রবার বেলা ১১টা ১০ মিনিটে এ পাঁচজনকে নিয়ে মাইক্রোবাসে করে সিআইডি কার্যালয় থেকে রওনা দেন তদন্ত সংশ্লিষ্টরা। পথে পরীমনিকে বহনকারী মাইক্রোবাসের আগে-পরে আরো দুটি গাড়ি দেখা গেছে। ১১টা ৪০ মিনিটে মাইক্রোবাসটি আদালত চত্বরে পৌঁছার পর তাদের আদালতের হাজতখানায় রাখা হয়েছে।
সিআইডির মুখপাত্র আজাদ রহমান জানান, দুই দিনের রিমান্ড শেষে পরীমনিসহ পাঁচজনকে আজ (শুক্রবার) আদালতে তোলা হবে। বিকেল ৩টায় শুনানি হওয়ার কথা রয়েছে।
মডেল-অভিনেত্রীদের গ্রেফতারের ঘটনায় এখন পর্যন্ত ১৫টি মামলা হয়েছে। এর মধ্যে ১৪টি মামলার তদন্ত করছে সিআইডি। পরীমনিসহ গ্রেফতার ৮ জনের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংক। মডেল-অভিনেত্রীদের হেফাজত থেকে জব্দ করা ছয়টি দামি গাড়ি নিয়েও তদন্ত চলছে।
গত ৪ আগস্ট পরীমনির বনানীর বাসায় অভিযান চালিয়ে তাকে ও তার মামা দীপুকে গ্রেফতার করে র্যাব। তাদের বিরুদ্ধে বনানী থানায় মামলা করে র্যাব। মামলাটি সিআইডি তদন্ত করছে। ওই মামলায় গত মঙ্গলবার আদালত পরীমনি ও তার মামা দীপুকে দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

