![]() |
| টপ টেন সংবাদ |
* দেশে একদিনে করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৭৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৩৪৯ জনে।
সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৯৫৯ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ লাখ ২৫ হাজার ৮৬১ জনে।
*টিকা উৎপাদনে সিনোফার্ম-ইনসেপ্টার সঙ্গে সরকারের চুক্তি
দেশে করোনার টিকা উৎপাদনের জন্য চীনের কোম্পানি সিনোফার্ম ও স্থানীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সঙ্গে সরকারের ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়েছে।
সোমবার বিকেলে রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) মিলনায়তনে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, চীনের রাষ্ট্রদূত লি জিমিং ও ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের চেয়ারম্যান আব্দুল মুক্তাদির সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী ইনসেপ্টা প্রতি মাসে সিনোফার্মের ৫০ লাখ ডোজ টিকা উৎপাদন করবে।
*হাসপাতালে আরো ২২১ ডেঙ্গুরোগী
গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ২২১ জন ভর্তি হয়েছেন।
সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২২১ জন। এর মধ্যে ঢাকাতেই ১৯৯ জন এবং ঢাকার বাইরের সারাদেশে রয়েছেন ২২ জন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ৩২ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৪২টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯৬২ জন এবং অন্যান্য বিভাগে ৭০ ভর্তি রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ আগস্ট পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৩২১ জনে।
*সংসদের নতুন অধিবেশন শুরু ১ সেপ্টেম্বর
একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন আগামী ১ সেপ্টেম্বর বুধবার বিকেল ৫টায় শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সোমবার এ অধিবেশন আহ্বান করেছেন।
৬০ দিনের সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণে এ অধিবেশন আহ্বান করা হয়েছে। সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে সংসদের পরবর্তী অধিবেশন বসতে হবে। সে হিসেবে করোনা মহামারি পরিস্থিতিতে আসন্ন অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার কথা রয়েছে।
*ঢাকায় করোনার নতুন ধরন ‘ল্যাম্বডা’ শনাক্ত
এবার ঢাকায় করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ধরন ‘ল্যাম্বডা’ শনাক্ত হয়েছে। রাজধানীতে ৪৯ বছর বয়সী একজন নারীর নমুনা সিকোয়েন্সিং করে পেরুর এ ধরনটির উপস্থিতি পাওয়া গেছে।
জানা গেছে, বিশ্বের ২৮টিরও বেশি দেশে ছড়িয়ে পড়া পেরুর এ ধরনটি মার্চ মাসে সংগ্রহ করা এক নমুনায় শনাক্ত হয়েছে। জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) থেকে এসব তথ্য জানা গেছে।
*পাবজিসহ সব ক্ষতিকর অনলাইন গেমস বন্ধে হাইকোর্টের নির্দেশ
অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাবজি, ফ্রি ফায়ারসহ সব ক্ষতিকর গেমস অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে টিকটক, বিগো লাইভ, পাবজি, ফ্রি ফায়ার গেম তথা লাইকির মতো সব ধরনের অনলাইন গেমস এবং অ্যাপস বন্ধের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
সোমবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।
*আফগান যুদ্ধ শেষ: তালেবান
কাবুলে প্রেসিডেন্ট প্যালেসের দখল নিয়েছে তালেবান। সেখান থেকেই সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, আফগান যুদ্ধ শেষ। এবার নতুন সরকার গঠন হবে।
রোববার তালেবানের রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র মোহাম্মদ নায়েম কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ ঘোষণা দেন।
মোহাম্মদ নায়েম বলেন, আফগানিস্তানের সব রাজনৈতিক নেতার সঙ্গে আলোচনায় বসার জন্য তালেবান প্রস্তুত। আফগান রাজনৈতিক নেতাদের প্রয়োজনীয় সুরক্ষার নিশ্চয়তাও দেবে তালেবান।
*বিমানের চাকায় বসে আমেরিকা যাওয়ার চেষ্টা আফগানদের, ছিটকে পড়ছে মানুষ
আকাশে উড়ন্ত বিমান থেকে মাটিতে পড়ছে মানুষ! এমন দৃশ্যে গা শিউরে ওঠাই স্বাভাবিক। জানা যায়, আমেরিকাগামী বিমান থেকে পড়ে যাওয়া দুই ব্যক্তি মারা গেছেন।
আজ সোমবার কাবুল বিমানবন্দরের এই মর্মান্তিক দুর্ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ হয়েছে। তেহেরান টাইমস এই ভিডিও সামনে এনেছে।
জানা গিয়েছে, তালেবানের ভয়ে বিমানের চাকার খাঁজে আশ্রয় নিয়েছিলেন ওই দুই আফগান নাগরিক। বিমান কিছুটা ওড়ার পরেই তা থেকে ছিটকে পড়েন তারা। স্বাভাবিকভাবেই কয়েক হাজার ফুট উঁচুতে থাকা বিমান থেকে পড়ায় খুঁজেই পাওয়া যায়নি তাদের।
*পদত্যাগের পর মালয়েশিয়ার অর্ন্তর্বতীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহিউদ্দিন ইয়াসিন।
সোমবার (১৬ আগস্ট) রাজার কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে প্যালেস থেকে তাকে অর্ন্তর্বতীকালীন প্রধানমন্ত্রীর রাখার বিষয়টি নিশ্চিত করা হয়।
মালয়েশিয়ার আইনপ্রণেতা খয়েরি জামালউদ্দিন ইনস্টাগ্রামে পোস্ট করে জানান, মন্ত্রিসভায় তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণার আগ পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে থাকছেন।
সম্প্রতি মন্ত্রিসভার সদস্য ও নিজের রাজনৈতিক দলের নেতাকর্মীদের পদত্যাগের বিষয়টি মৌখিকভাবে জানান প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন।
*সোনার বাংলা গঠনের মজবুত ভিত বঙ্গবন্ধুর হাতেই তৈরি : অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সোনার বাংলা গঠনের মজবুত ভিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতেই তৈরি হয়েছিল। একটি বিধ্বস্ত অবস্থা থেকে বাংলাদেশকে দাঁড় করাতে আপ্রাণ চেষ্টা করেছিলেন তিনি।
সোমবার বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আয়োজিত স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
*মাশরাফির বাসায় যাচ্ছেন ই-অরেঞ্জের গ্রাহকরা
রাজধানীর গুলশান-১ এর সড়ক অবরোধ শেষে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার বাসায় যাচ্ছেন ই-অরেঞ্জের গ্রাহকরা।
সোমবার (১৬ আগস্ট) গুলশান-১ এর ১৩৭ নম্বর রোডে অবস্থিত ই-অরেঞ্জের কার্যালয় থেকে মিপুর-১২ তে মাশরাফি বিন মর্তুজার বাসায় আলোচনার জন্য যাচ্ছেন তারা।
এ সময় ভুক্তভোগী কয়েকজন গ্রাহকের সঙ্গে কথা বলে জানা যায়, এই প্রতিষ্ঠানের সঙ্গে মাশরাফি বিন মর্তুজা সম্পৃক্ত রয়েছেন। তার সঙ্গে আমাদের ফোনে কথা হয়েছে। তিনি আমাদের বলেছেন, তার বাসায় যেতে। সেখানে আমাদের দাবি নিয়ে কথা হবে।

