স্ত্রী হত্যার দায়ে পুলিশ সদস্যের ফাঁসির আদেশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ০৬, ২০২১

স্ত্রী হত্যার দায়ে পুলিশ সদস্যের ফাঁসির আদেশ







জেলা প্রতিনিধিঃ

খুলনার খানজাহান আলী থানার যোগিপোল এলাকায় স্ত্রী হত্যা মামলায় পুলিশ সদস্য স্বামী মো. মাহমুদ আলমকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
বুধবার দুপুরে খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন আসামি।

দণ্ডিত মাহমুদ সাতক্ষীরার আশাশুনি উপজেলার জামালনগর গ্রামের জবেদ আলী সরকারের ছেলে। তিনি খুলনার শিরোমনিতে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত ছিলেন। নিহতের নাম যোহানা আক্তার ঊষা। তিনি খুলনার পাইকগাছা উপজেলার কালিদাসপুর গ্রামের জামালপুর উদ্দিনের মেয়ে।

নথির বরাত দিয়ে আদালতের বেঞ্চ সহকারী মো. মুরাদ হোসেন গাজী জানান, ২০১৯ সালের ৬ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে দুপুর দেড়টা নাগাদ যোগিপোল এলাকায় মনিরুল ইসলামের ভাড়া বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ঊষাকে শ্বাসরোধে হত্যা করেন মাহমুদ। এ ঘটনায় খানজাহান আলী থানায় হত্যা মামলা করেন নিহতের ভাই জিএম সোহেল ইসলাম। একই বছরের ১৫ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই নৃপেন বিশ্বাস। আদালত সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা করে। মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন আরিফ মাহমুদ লিটন।

Post Top Ad

Responsive Ads Here