
আমতলীতে ৪০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার
আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ মো. শরীফ হাওলাদার (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের গাজীপুর বন্দরের চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, দেশব্যাপী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে আমতলী থানার গাজীপুর পুলিশ ফাঁড়ি ও থানা পুলিশের একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে। এসআই শওকত হোসেনের নেতৃত্বে পুলিশের দলটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গাজীপুর বন্দরের চরপাড়া এলাকায় দন্ত চিকিৎসক নুরুল ইসলাম তালুকদারের নির্মাণাধীন একটি পরিত্যক্ত ভবনের এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে ওই এলাকা থেকে শরীফ হাওলাদারকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার শরীফ হাওলাদার আঠারোগাছিয়া ইউনিয়নের গাজীপুর (উত্তর কান্দা) ৯ নম্বর ওয়ার্ডের মৃত খলিল হাওলাদারের ছেলে। তিনি বর্তমানে গাজীপুর বাজারের মুদি দোকানি আমানউল্লাহর ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন জানান, উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
