| মুজিববর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার | সময় সংবাদ |
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী:
জাতীয় ভোটার দিবসে দেশে ৪র্থবারের মতো দেশব্যাপী পালিত হচ্ছে জাতীয় ভোটার দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘মুজিববর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার’। দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় চত্বরে বুথ স্থাপনের মাধ্যমে নতুন ভোটার নিবন্ধন, ভোটার আইডি কার্ড সংশোধন, ভোটার স্থানান্তর ও স্মার্ট কার্ড বিতরণসহ দিনব্যাপী বেশকিছু বিশেষ সেবা প্রদান করা হয়।
দিবসটি উপলক্ষ্যে বুধবার (০২ মার্চ) সকাল পৌনে এগারো’টায় রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ (এনডিসি) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।
ওই সময় বিভাগীয় কমিশনার বলেন, একটা সময় ছিল যখন প্রাপ্ত বয়স্ক হওয়ার পরও মানুষের মধ্যে ভোটার হওয়ার জন্য উৎসাহ-উদ্দীপনা কম ছিল, এখন পরিস্থিতি তেমনটা নেই। এখন মানুষের মধ্যে উৎসাহ বেড়েছে। কারণ জাতিকে জাগিয়ে তোলার জন্য যে সঠিক নেতৃত্ব দরকার, সেই নেতৃত্ব এখন আমরা পেয়েছি। জাতীয় পরিচয়পত্রের ওপর গুরুত্বারোপ করে জি এস এম জাফরউল্লাহ্ বলেন, জাতীয় পরিচয়পত্র সবকিছুর পরিচয় বহন করে।
এটা অনেক সময় অনাকাঙ্খিত পরিস্থিতির স্বীকার হওয়া থেকে বাঁচতে সাহায্য করে। মৃতব্যক্তি, হারানো ব্যক্তি, যারা কথা বলতে পারে না, এমনকি নিজের পরিচয়টুকু অন্যকে দিতে অক্ষম তাঁদের জন্য এই জাতীয় পরিচয়পত্র একটা রক্ষাকবচ। এখন সবার এটা অধিকার হয়ে গেছে। সঠিক ভোটার তালিকা করা নির্বাচন কমিশনের একটি দায়িত্ব। সকলে সচেতন হয়ে নির্বাচন কমিশনকে সহযোগিতা করলে তারা সেটা করতে পারবে। এজন্য তিনি সঠিক ভোটার তালিকা তৈরিতে সকল অভিভাবককে তাদের আঠারো বছর বয়সী ছেলে-মেয়েদেরকে আগ্রহী করে তোলার আহ্বান জানান। জাতীয়ভাবে একটি সঠিক ভোটার তালিকা তৈরির মাধ্যমে সবাই নিজের অধিকার আদায় করে নেওয়ার সুযোগ পাবে বলে এসময় তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক, অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র এবং সিনিয়র নির্বাচন অফিসার মো: সাইফুল ইসলাম বক্তৃতা করেন। এর আগে বিভাগীয় কমিশনার বেলুন ও পায়রা উড়িয়ে ভোটার দিবসের শুভ সূচনা করেন এবং কয়েকজন নতুন ভোটারের হাতে স্মার্ট কার্ড তুলে দেন।
