কুতুব উদ্দিন রাজু,চট্টগ্রাম: সোহেল হত্যায় ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড কাউন্সিলর হাজী ছাবের আহমদ সওদাগরকে প্রধান আসামি করে ডবলমুরিং থানায় মামলা করেছে নিহতের পরিবার।
মঙ্গলবার (৮ জানুয়ারি) রাতে পরিবারের পক্ষে মামলা দায়ের করেন নিহত সোহেলের ছোট ভাই শাকিরুল ইসলাম শিশির।
মামলার বাদি শিশির বলেন, আমার ভাইয়ের হত্যার বিচার চেয়ে থানায় মামলা করেছি। স্থানীয় কাউন্সিলর ছাবের আহমদ সওদাগর ও তার সহযোগী ওসমানের নামসহ মামলায় ২৭ জনকে আসামি করা হয়েছে। এছাড়াও এ মামলায় দেড় থেকে দুই'শ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন সেলিম বলেন, পাহাড়তলী বাজারে নিহত মহিউদ্দিন সোহেলের পরিবার থানায় এসে মামলা দায়ের করেছেন। মামলায় তারা আসামি করেছে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাজী ছাবের আহমদ সওদাগরসহ ২৭ জনকে।
উল্লেখ্য, ৭ জানুয়ারি সকাল ১০টায় নগরের পাহাড়তলী বাজারে নিহত হন মহিউদ্দিন সোহেল।

