মেহের আমজাদ,মেহেরপুর-
মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজীপুর থেকে ৩ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।আটককৃতরা হচ্ছে,কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের মৃত শাহাজাহানের স্ত্রী মর্জিনা বেগম বুলবুলি (৪৫) ও ভেড়ামারার জিকে কলোনীর লতিফ সর্দারের মেয়ে পারুলা বেগম (৪০)। গতকাল সোমবার দুপুরে কাজীপুর গোলামবাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। গাংনী থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পীরতলা পুলিশ ক্যাম্পের এস.আই অজয় কুমার কুন্ডু এবং এ.এস আই আহম্মদ আলীর নেতৃত্বে গাংনী থানা পুলিশের একটি দল কাজীপুর গোলাম বাজার এলাকা থেকে তাদেরকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশী করে তাদের কাছে থাকা ৩ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, আটক মাদক পাচারকারিরা কুষ্টিয়া যাওয়ার উদ্দেশ্য কাজিপুর গোলাম বাজার এলাকায় অপেক্ষা করছিল। পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। তিনি জানান, তাদের বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

